বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ধর্মপুর গহীন শালবনে ১ অটোচালককে কুপিয়ে অটো ছিনতাই করে পালানোর চেষ্টাকালে ২ ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী। জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহর হতে বিরলের ধর্মপুর শালবনে ঘুরতে যাওয়ার কথা বলে যাত্রীবেশে অটোরিকশায় উঠে ২ ছিনতাইকারী।
এরপর কালিয়াগঞ্জ বাজারে এসে আরও ১ জন যাত্রী উঠানোর পর বনের ধর্মজৈন সাতদাগ নামক এলাকায় বনের ভিতরে নিয়ে গিয়ে ওই অটো চালককে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলার পিছনে আঘাত করে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা। এসময় অটোচালকের চিৎকারে পথচারী এলে ছিনতাইকারীরা দ্রুত স্থান ত্যাগ করে বনের আরও ভিতরে পালিয়ে যায়।
আহত অটোচালক দিনাজপুর সরকারি কলেজ সংলগ্ন শহরের সুইহারি খালপাড়া এলাকার মো. সুমন ইসলামের ছেলে মো. নভেলকে (৩০) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী এনায়েতপুর বিওপি'র বিজিবির সদস্যগণের কাছে হস্তান্তর করলে তাৎক্ষণিক তাকে এলাকাবাসীর সহায়তায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এঘটনায় দীর্ঘ অভিযান চালিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, ইউপি সদস্য আব্দুর রহমানসহ বিজিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে ওই বন থেকে বিকেলে জড়িত ২ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃতরা দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলকার বাবুল হোসেনের ছেলে শ্রাবণ ইসলাম (৩০) ও একই এলাকার তাসিনুরের ছেলে নভেল (৩০)। আটকৃতদের বিরুদ্ধে থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং ভিকটিম অটোচালকের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।