বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোছা. জান্নাতুন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক মো. এরশাদ (১৬) এবং তার মা মোছা. হালিমা (৪৫) নামে দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত মোছা. জান্নাতুন (৪৫) দিনাজপুর সদর উপজেলার রামডুমি নিয়াজীপাড়ার এলাকার মো. শাহীনুর ইসলামের স্ত্রী। আহত মো. এরশাদ এবং মোছা. হালিমা বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে এবং স্ত্রী।
গতকাল রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-সেতাবগঞ্জ সড়কের বর্ষা আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে তিনজন মদনপুর থেকে বীরগঞ্জে আসছিলেন।
একইদিক থেকে আসা একটি ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোছা. জান্নাতুল মারা যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মো. এরশাদ এবং মোছা. হালিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই আমরা ট্রাকটি জব্দ করেছি। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।