বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে সালাউদ্দীন ও আসাদুল ইসলাম নামীয় দুই শিবির কর্মী হত্যা মামলায় (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নূর (৫৪), সাবেক ইউপি চেয়ারম্যান এমএ খালেক (৫৬) ও আলহাজ রেজাউল করিম শেখসহ (৫২) ৬ নেতাকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
গতকাল রোববার বেলা আড়াইটায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম আলীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতারকৃত অন্যেরা হলেন- শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অবঃ প্রধান শিক্ষক গোলাম মোস্তফা (৬২), মো. আমিনুল ইসলাম (৫৫) ও যুবলীগ মরিচা ইউনিয়ন সাধারণ সম্পাদক শফিউল আজম (৪৫)। বিকেলে তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম।
সূত্র মতে জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জহুরা বেগম বাদি হয়ে বীরগঞ্জ থানায় তার দুই ছেলের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
এজাহারে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন বীরগঞ্জের ভেলাপুকুর এলাকায় আসামিদের হামলায় শিবিরকর্মী সালাউদ্দিন (১৬) ও আসাদুল হক (১৫) গুরুতর আহত হন। উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দু’জনই মারা যায়।
তৎকালীন সময় পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর মামলাটি দায়ের করা হয়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।