নারায়ণগঞ্জের ফতুল্লায় মমিন (৩০) নামে এক ইজিবাইক চালককে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মমিন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জালাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চারজন যুবক মমিনকে অচেতন অবস্থায় তার বাড়িতে নিয়ে আসে। স্বজনরা তখন তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান। কিছুক্ষণ পর মমিনের মৃত্যু হয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত মমিনের পরিবার অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে মমিনকে বেধড়ক মারধর করে হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আরাফাত জানান, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, ইসদাইর এলাকার একটি ইজিবাইক গ্যারেজ থেকে গাড়ি নিয়ে পঞ্চবটি এলাকায় গিয়েছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।