নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমন মোল্যা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এসএম কামরুল ইসলাম কামরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইমন মোল্যা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়ার কৃষক উচমান মোল্যার ছেলে। সে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দলোন লাহুড়িয়া ইউনিয়ন শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে দুই বন্ধু ইমন ও রাজ্জাক মোটরসাইকেল যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাজ্জাকের অসুস্থ ভাগ্নিকে দেখে লাহুড়িয়ার ডহরপাড়ায় ফিরছিলেন। প্রতিমধ্যে নড়াইল শহরের ধোপাখোলা এলাকায় পৌছালে তাদের মোটরসাইকেলের সাথে রাস্তা পার হতে যাওয়া একটি বাইসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে তারা ছিটকে পড়ে ইমন গুরুতর আহত হয় এবং রাজ্জাকের সামান্য কেটে ছুলে যায়। পরে পথচারীরা ইমনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। এসময় ইমনের মাথায় প্রচন্ড আঘাত লাগায় মাথা থেকে ঘিলু বের হয়ে যায়। হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে খুলনা নেয়ার পথে ইমনের মৃত্যু হয়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেলী জামান জানান, ইমনের মাথায় আঘাত খুব বেশি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।