Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, প্রতিহত করতে মাঠে নামা হবে: আসিফ

BN DESK
06 January 2026, 10:00 PM পড়তে ১ মিনিট

আপাতদৃষ্টিতে আরও একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হলে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই তা প্রতিহত করতে মাঠে নামবে এনসিপি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, প্রশাসনের একটি অংশের পক্ষ থেকে নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাতিত্বের স্পষ্ট আলামত দেখা যাচ্ছে। জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তিনি সতর্ক করে বলেন, আবার যদি পুরোনো ‘সেটেলমেন্টের’ পথে যাওয়ার চেষ্টা করা হয়, তবে তা কঠোরভাবে রুখে দেওয়া হবে। এ ক্ষেত্রে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না।

এ সময় তিনি এনএসআই প্রধানের একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে গিয়ে বৈঠক করার ঘটনাকেও সমালোচনা করেন এবং একে নির্বাচন-পূর্ব পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন।

ভোটের পরিবেশ প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশন ও সরকার একটি নিরপেক্ষ ও নিরাপদ ভোটের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। এ কারণে ইসির ওপর এনসিপির পূর্ণ আস্থা নেই বলেও জানান তিনি। বর্তমান পরিস্থিতিতে আদৌ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে কি না, সে নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়েও নির্বাচন কমিশনের সমালোচনা করেন আসিফ মাহমুদ। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা হয়নি এবং রিটার্নিং অফিসাররা বড় দলের পক্ষে কাজ করেছেন। আপিলের ক্ষেত্রেও যদি ইসি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়েই প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া আসিফ মাহমুদ জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার কোনো অপচেষ্টা হলে সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, প্রতিহত করতে মাঠে নামা হবে: আসিফ

B
BN DESK | 06 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার