Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বাংলাদেশে অনুপ্রবেশ, বিএসএফ সদস্য আটক

BN DESK
21 December 2025, 03:29 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া অংশ দিয়ে ভারতীয় গরু পাচারকারীকে ধাওয়া করছিল পশ্চিমবঙ্গের কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের একটি টহল দল। এসময় ওই ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ (বডি নম্বর ২১৩৬০০১৭৮) শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৫০ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে আঙ্গরপোতা বিওপিতে দায়িত্বরত বিজিবি’র একটি টহল দল ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তল্লাশি চালিয়ে আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দহগ্রাম ফাঁড়ির ইনচার্জ তাজিরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে বিএসএফ সদস্য গরু পাচারকারীকে ধাওয়া করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে আটক করার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।

রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সেলিম আল দীন বলেন, ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। তিনি জানান, নিয়ম অনুযায়ী তিনবিঘা করিডোর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি’র একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিএসএফ সদস্য আটকের পরপরই উভয়পক্ষের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয় এবং স্থানীয় পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাদেশে অনুপ্রবেশ, বিএসএফ সদস্য আটক

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার