Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখম

BN DESK
17 October 2025, 07:00 AM পড়তে ১ মিনিট
মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখম

ফরিদপুরের আলফাডাঙ্গায় মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোর এলাহী মোল্যা (১৫) বিদ্যাধর গ্রামের জহিরুল মোল্যার ছেলে। আহত এলাহী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গ্রাম্য বিরোধের জেরে দীর্ঘদিন ধরে ওই এলাকার বোরহান মিয়ার লোকজনের সঙ্গে জহিরুল মোল্যার বিরোধ চলে আসছিল। 

এ বিরোধের জেরে ২৮ আগস্ট বোরহান মিয়ার লোকজন ভ্যানচালক জহিরুল মোল্যার ওপর অতর্কিতে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় জহিরুল বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।

বর্তমানে মামলার ২৫ আসামি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন। এরপর থেকে মামলা তুলে নিতে আসামি পক্ষের লোকজন বিভিন্ন সময় জহিরুলকে হুমকি দেন। 

জহিরুল মামলা তুলে নিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে বুধবার দিবাগত রাতে বোরহান মিয়ার নেতৃত্বে আসামি পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে জহিরুলের বাড়িতে হামলা চালান। 

এ সময় হামলাকারীরা জহিরুলকে বাড়িতে না পেয়ে তার কিশোর ছেলে এলাহী মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে লোহার রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করেন। 

স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী জহিরুল মোল্যা বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। তবুও ভ্যান চালিয়ে অনেক কষ্টে সংসার চালাই। গ্রামের কোনো ঝামেলায় থাকি না। সামাজিকভাবে একটি দলের অন্তর্ভুক্ত। এ অপরাধে গ্রামের অপরপক্ষের লোকজন আমার ওপর অতর্কিতে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। 

এ ঘটনায় আমি থানায় মামলা করলে সেই মামলা তুলে নিতে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় আমাকে হুমকি-ধামকি দিচ্ছে। বুধবার আমাকে বাড়িতে না পেয়ে তারা আমার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এখন আমি প্রাণভয়ে দিন কাটাচ্ছি।

এ ঘটনায় ভুক্তভোগী এলাহী মোল্যার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত বোরহান মিয়ার বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখম

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার