কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়।
তিনি অভিযোগ করে বলেন, ‘গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেল।
এদিকে, দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনকে ফোন করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে এসকেএফ একটি ওষুধ কম্পানিতে চাকরি করেন। তাদের বাড়ি বরিশাল জেলার ওজিরপুর উপজেলার তেরদ্রন ডাকঘর পুটিয়া গ্রামে।
দুর্ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে ছুটে যান।
নিহত শিশুর বাবা ফাইজুল হক গাড়িচালকের ফাঁসিসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে-গ্রুপের শিক্ষার্থী।
হোমনা থানার ওসি বলেন, ‘এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
শিশু ফাইজার মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি উপজেলা চত্বরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।