ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর পাঠকক্ষে শিগগিরই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তহবিল সংকট থাকা সত্ত্বেও বিকল্প উপায়ে অর্থের ব্যবস্থা করে এ উদ্যোগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। তিনি জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে হলে রিডিং রুমে এসি স্থাপন জরুরি। এ বিষয়ে ইতোমধ্যে হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যেই এ কাজ সম্পন্ন হবে। ফরহাদ বলেন, *“বিশ্ববিদ্যালয়ের তহবিল না থাকলেও বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহ করে যেকোনো মূল্যে এই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হবে।” শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ডাকসুর কার্যক্রমের কথা জানিয়ে তিনি আরও বলেন, সব হলের উন্নয়নকাজ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান নেওয়া হচ্ছে। এর মধ্যে পাঠকক্ষে এসি স্থাপন, মসজিদের পরিবেশ উন্নয়ন এবং ক্যান্টিনের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
পাশাপাশি ছাত্রী হলে রান্নাবান্না সংক্রান্ত জটিলতা, নিরাপত্তা সমস্যা এবং ক্যাম্পাসের বাইরের তিনটি হলে সিকিউরিটি ও সাউন্ড নিয়ন্ত্রণের পদক্ষেপও নেওয়া হচ্ছে। গবেষণামুখী বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যেও ডাকসুর উদ্যোগ অব্যাহত রয়েছে বলে ফরহাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক সুযোগ-সুবিধা বাড়াতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে গবেষণা ফান্ড, আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার, একাডেমিক ই-মেইলের মাধ্যমে রিসোর্স ব্যবহারের সুযোগ এবং সেন্ট্রাল লাইব্রেরির আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে একটি অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছে এবং কয়েক দফা বৈঠকের মাধ্যমে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।