নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এবং নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদের ১৭ বছরের শাসনামলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, নকল একটি জাতিকে ধ্বংস করে দেয়। তাই বিএনপি শাসনামলে শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের নেতৃত্বে নকল মুক্ত দেশ গড়েছিল।
আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে নিজের বাবার নামে প্রতিষ্ঠিত ডা. নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এ সব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বিএনপির ৩১দফায় পরিস্কারভাবে ঘোষণা দিয়েছেন দল ক্ষমতায় গেলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সর্বাধিক বরাদ্দ ও গুরুত্ব দেয়া হবে।
দুলু এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীসহ নাটোরের সকল শ্রেণি পেশার মানুষের কাছে দোয়া করার জন্য অনুরোধ করে বলেন, দেশের মানুষের প্রয়োজনে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশে ভোটের অধিকার রক্ষার জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা বড়ই প্রয়োজন। বেগম খালেদা জিয়া আমাদের জাতির ঐক্যের প্রতীক। এদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে বেগম জিয়া বারবার তার জীবন শঙ্কার মধ্যে ফেলতেও তিনি কুণ্ঠাবোধ করেনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।