কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটে কালাইয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি রুবেল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে তথ্য প্রযুক্তির সহায়তা বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল হোসেন জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের আফসার আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে গত ২০১৮ সালের ১ আগস্ট কালাই থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলা তদন্ত শেষে তৎকালিন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ১১ নভেম্বর ধর্ষণ মামলার আসামি রুবেল হোসেনের অনুপস্থিতিতে দায়রা জজ আদালতের বিচারক তার যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন। এরপর থেকেই পুলিশ তাকে খুঁজছিল।
আজ মঙ্গলবার সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় কালাই থানার পুলিশ বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় মাটিডালি এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।