ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় গরু বোঝাই একটি নছিমন গাড়ি উল্টে ঘটনাস্থলেই ৩টি গরুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, গতকাল শনিবার বেলা ৩টায় ভাঙ্গুড়া পৌরসদরের শরৎনগর গোহাট থেকে পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার গো-ব্যবসায়ী ৯টি গবাদি পশু কিনে ভাঙ্গুড়া-তাড়াশ(ভায়া নওগাঁবাজার) সড়ক অভিমুখে রওয়ানা হয়।
পথিমধ্য চালকের অসাবধানতায় খানমরিচ ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় পাশের একটি পুকুরের খাদে পরে গাড়িটি। পরে এলাকাবাসী চালকসহ দুর্ঘটনা কবলিত গাড়ি, গরু ও আহত ব্যবসায়ীদের উদ্ধার করে। এ ঘটনায় ৯টি গরুর মধ্যে ঘটনাস্থলেই ৩টি গরু মারা যায়।
খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী আহত সকলকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছে।