শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে নেশার টাকা না পেয়ে আপন দাদা সাবান আলী ফকিরকে (৬৫) লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছে নাতি। নিহত সাবান আলী ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত নবির আলী ফকিরের ছেলে। অভিযুক্ত নাতির নাম আশিক হোসেন রানা (২৬) ওই গ্রামের আবু সাইদ সাইফুলের ছেলে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ভবানীপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত নাতি আশিক হোসেন দীর্ঘদিন ধরেই নেশার জন্য পরিবারের কাছে টাকা চাইত। ঘটনার দিন সকালে সে তার দাদা সাবান আলী ফকিরের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় আশিক ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রাস্তায় একা পেয়ে আশিক লাঠি দিয়ে তার আপন দাদা সাবান আলী ফকিরের মাথায় আঘাত করে। এতে সাবান আলী ফকির গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান। দাদাকে হত্যার পর অভিযুক্ত নাতি আশিক হোসেন রানা পালিয়ে না গিয়ে নিজেই শেরপুর থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পন করে।

পুলিশ জানায়, অভিযুক্ত আশিক হোসেন নেশা করতে করতে ভারসাম্যহীন হয়ে পড়েছে এবং পারিবারিক বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটিয়েছে। শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দীন বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।