মফস্বল ডেস্ক : বগুড়ার সোনতালায় ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। আজ রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রনি বেগম তার আট বছরের ছেলে আরাফাতকে নিয়ে রেল লাইন ধরে সোনাতলার দিকে আসছিলেন। এসময় তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি ব্যর্থ হলে সান্তাহার-লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এসময় ওই ব্যক্তি আহত হন।
বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ তার ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করছে।