ময়মনসিং নগরী থেকে সুমন মিয়া (৩৩) নামে একজন গাড়িচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বড়বাজারের একটি নির্মাণাধীন বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমন ত্রিশাল উপজেলার রামপুর গ্রামের মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে। তিনি নগরীর গরুখোঁয়াড় মোড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়বাজারের হিমেল হাওয়া নামে একটি নির্মাণাধীন বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
নিহতের স্ত্রী ময়না আক্তার জানান, অনেক দিন ধরে এক ব্যাংক কর্মকর্তার প্রাইভেটকার চালাতেন তার স্বামী। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভালুকা থেকে সেই ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে নিয়ে আসছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও পরে বাড়ি না ফিরলে স্বামীকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সকালে খবর পেয়ে ছুটে আসেন বড়বাজার। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নির্মাণাধীন ১৩তলা ভবনের লিফটের কাজ চলছিল। সম্পূর্ণ জায়গা ছিল ফাঁকা। নিহতের মাথা, ঘাড় ও হাতের অংশ থেঁতলে গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওপর থেকে পড়ে দুর্ঘটনাজনিত কারণেই মৃত্যু হতে পারে সুমনের। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।