রায়গঞ্জ ও সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ভারসাম্যহীন এক যুবককে চোর সন্দেহে বেধড়ক পিটিয়ে আহত করায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর তার মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার ঘুড়কা ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে ইকবাল হাসান ওরফে ইউসুফ (১৯)।
এঘটনায় জড়িত একজনকে সলঙ্গা থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবক জেলার শাহাজাদপুর থানা নকালা গ্রামের শাহজামালের ছেলে শাকিল আহম্মেদ (২২)। এবিষয়ে নিহতের বাবা মো. আব্দুর রশিদ সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ইকবাল ঘটনার দিন বাড়ি থেকে বের হয়ে ওই পাম্পের সামনে রাখা একটি গাড়িতে শুয়ে ছিল। গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা সমবায় পাম্প এলাকায় ইকবালকে পেয়ে চোর সন্দেহে অভিযুক্ত বুদ্ধ মিয়া, আলাউদ্দিন ও আব্দুস সোবাহানসহ কয়েকজন তাকে লোহার রড ও প্লাস দিয়ে পিটিয়ে আহত করে এবং বিদ্যুৎস্পৃষ্ট করে গুরুতর আহত করে।
গুরুতর অবস্থায় ইকবালকে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ এবং পরবর্তী সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এব্যাপারে সলঙ্গা থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, ঘটনার পরপরই একটি মামলা নেওয়া হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।