শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের প্ররোচণায় স্বামীকে বিষাক্ত ট্যাবলেট সেবন করিয়ে হত্যার অভিযোগ উঠেছে নববধূর বিরুদ্ধে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং অভিযুক্ত নববধূ তানজিলাকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহত আব্দুল করীম (২৫) উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে।
জানা যায়, এক মাস আগে নন্দলাপুুর গ্রামের নবী মন্ডলের ছেলে মিশুগাড়ি চালক আব্দুল করীম সাঁথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাচেন আলীর কন্যা তানজিলা খাতুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের আগে থেকেই নববধূ তানজিলার প্রতিবেশী সিএনজি চালক নূর আলম ওরফে নাহিদের সাথে প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ তানজিলা বাবার বাড়িতে গেলে প্রেমিক নাহিদ তানজিলাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে তানজিলার স্বামী করিমকে হত্যার সিদ্ধান্ত নেয়।
সে পরিকল্পনা মোতাবেক তানজিলাকে বিষাক্ত ট্যাবলেট কিনে দেয় প্রেমিক নাহিদ। এটাকে কৃমির ট্যাবলেট বলে স্বামীকে সেবন করানোর পরামর্শ দেয়। গত সোমবার রাতে তানজিলা স্বামী করিমকে বিষাক্ত ট্যাবলেট সেবন করায়। কিছুক্ষণ পরই পেটে জ¦ালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার করে।
পরে পরিস্থিতি বেগতিক দেখে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতালে ও পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় করিমের মৃত্যু হয়। এঘটনায় অভিযুক্ত নববধূ তানজিলা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। স্বামীকে বিষাক্ত ট্যাবলেট সেবন করিয়ে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।