সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাড়ী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাস চাপায় মাহমুদুল ইসলাম(৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এনডিপি কার্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহমুদুল নওগাঁর রাণীনগর উপজেলার ইমতাজুল হক মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জমুখী এসআই এন্টারপ্রাইজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে বাগবাড়ী এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি বাসের সামনের অংশের নিচে ঢুকে যায় এবং চালক মাহমুদুল ইসলাম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।