Logo
ট্রেন্ডিং: হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ আর কখনও কারও কাছে মাথা নত করবে না: সংসদে খলিলুর নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী বন্যা: নিহত ৩৩০, নিখোঁজ সহস্রাধিক

হরমুজ প্রণালি খুলতেই বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

Roksana
29 August 2026, 02:05 AM পড়তে ১ মিনিট
হরমুজ প্রণালি খুলতেই বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বহুল প্রতীক্ষিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বিশ্ব অর্থনীতিতে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে, ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৭৮ ডলার ৩১ সেন্টে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ব্যারেলপ্রতি ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৬ ডলার ১৪ সেন্টে। এর আগে, বৃহস্পতিবার তেলের এই দরপতন গত মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। মূলত হরমুজ প্রণালি দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত শুরু হওয়াই এই দরপতনের প্রধান কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

বাজার সূত্রে জানা যায়, সম্প্রতি সৌদি আরবের পতাকাবাহী তিনটি বিশালাকার ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এই জাহাজগুলোতে প্রায় ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করা হচ্ছিল। বাজার বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সমঝোতার ফলে উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা সাড়ে ৮ কোটি ব্যারেলের বেশি তেল খুব শিগগিরই বিশ্ববাজারে প্রবেশ করতে পারবে। এছাড়া চুক্তির শর্ত অনুযায়ী, ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ আরও বাড়বে, যা দাম নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে।

অবশ্য বর্তমান পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থায়ীভাবে স্বাভাবিক হয়েছে কি না, তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এখনো কিছুটা সংশয় রয়েছে। নিয়মিত ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাজারে একধরনের সতর্ক অবস্থান বজায় থাকবে। উল্লেখ্য, চলমান সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশই এই হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। অর্থনীতিবিদদের মতে, চুক্তিটি দীর্ঘমেয়াদে কার্যকর থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এই নৌপথের বৈশ্বিক বাণিজ্য তার আগের রূপে ফিরে যাবে।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোও তাদের রপ্তানি কার্যক্রম পুনরায় জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন এরই মধ্যে যুদ্ধকালীন জারি করা সব ধরনের জরুরি বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে, ইরাকের তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তাঁদের তেলক্ষেত্রগুলো ফের উৎপাদন বাড়াতে পুরোপুরি প্রস্তুত এবং দেশটি খুব দ্রুতই আগের স্বাভাবিক উৎপাদন সক্ষমতায় ফিরে যাবে।

তবে এত ইতিবাচক খবরের মধ্যেও একটি বড় শঙ্কার জায়গা রয়ে গেছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখনো অব্যাহত রয়েছে। এই সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি শেষ পর্যন্ত কতটা টেকসই হবে এবং হরমুজ প্রণালির নিরাপত্তা দীর্ঘ মেয়াদে বজায় থাকবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে একধরনের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলতেই বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

R
Roksana | 19 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার