২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ১৪ মার্চ থেকে এই পাবলিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ এপ্রিল।
সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই রুটিন প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার ইঙ্গিত দিয়েছিলেন। তবে বছরের শুরুতে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বোর্ড কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটিয়ে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সময়সূচি পিছিয়ে মার্চ মাসে নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একনজরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি:
১৪ মার্চ ২০২৭ (রোববার): বাংলা (আবশ্যিক)-১ম পত্র / সহজ বাংলা-১ম পত্র
১৬ মার্চ ২০২৭ (মঙ্গলবার): বাংলা (আবশ্যিক)-২য় পত্র / সহজ বাংলা-২য় পত্র
১৮ মার্চ ২০২৭ (বৃহস্পতিবার): ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র
২১ মার্চ ২০২৭ (রবিবার): ইংরেজি (আবশ্যিক)-২য় পত্র
২২ মার্চ ২০২৭ (সোমবার): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
২৫ মার্চ ২০২৭ (বৃহস্পতিবার): গণিত (আবশ্যিক)
২৮ মার্চ ২০২৭ (রবিবার): বাংলাদেশ ও বিশ্বপরিচয়
৩০ মার্চ ২০২৭ (মঙ্গলবার): পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং
১ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): ভূগোল ও পরিবেশ
৪ এপ্রিল ২০২৭ (রবিবার): রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ
৬ এপ্রিল ২০২৭ (মঙ্গলবার): গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) / শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা (তত্ত্বীয়)
৮ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): হিসাববিজ্ঞান
১১ এপ্রিল ২০২৭ (রবিবার): উচ্চতর গণিত (তত্ত্বীয়), বিজ্ঞান
১৩ এপ্রিল ২০২৭ (মঙ্গলবার): জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি
১৫ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে অনিবার্য কোনো কারণ দেখা দিলে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচিতে প্রয়োজনীয় সংশোধন বা পরিবর্তন আনার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।