Logo
ট্রেন্ডিং: হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ আর কখনও কারও কাছে মাথা নত করবে না: সংসদে খলিলুর নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী বন্যা: নিহত ৩৩০, নিখোঁজ সহস্রাধিক

জাবিতে ফের অস্থিরতার শঙ্কা, নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ

Roksana
29 August 2026, 02:03 AM পড়তে ১ মিনিট
জাবিতে ফের অস্থিরতার শঙ্কা, নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ

দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফের অস্থিতিশীল পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ, আবাসিক হলে কক্ষ দখলের অভিযোগ এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের নতুন করে সক্রিয় হওয়ার অপচেষ্টায় বিশ্ববিদ্যালয়জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আশঙ্কা, প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত বেধে যেতে পারে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কোণঠাসা হয়ে পড়া বিতর্কিত ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও সুসংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা গোপনে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার এটি একটি পরিকল্পিত ও সুদূরপ্রসারী নীলনকশা।

শিক্ষার্থীদের এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে গত ১৫ জুনের সিন্ডিকেট (বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ) সভার সিদ্ধান্ত। ওই সভায় জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ২১ জন শিক্ষক ও দুই কর্মকর্তার শাস্তির রায় ঘোষণা করা হয়। এর মধ্যে একজন শিক্ষককে বাধ্যতামূলক অবসর, ৯ জন শিক্ষক ও একজন কর্মকর্তাকে পদাবনতি, দুই শিক্ষককে সতর্ক এবং সাতজন শিক্ষক ও এক কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া তৎকালীন উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) এবং কোষাধ্যক্ষের বিরুদ্ধে তিনটি পৃথক প্রাতিষ্ঠানিক তদন্ত কাঠামো গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রায় নিয়ে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, গত ১২ মে ক্যাম্পাসে সংঘটিত একটি ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের ওই আন্দোলনে সাবেক ছাত্রলীগ কর্মী এবং পতিত সরকারের সুবিধাভোগীদের ইন্ধন ছিল বলে জানা গেছে। বিশেষ করে, সাতক্ষীরা জেলার সাবেক এক আওয়ামী লীগ সংসদ সদস্যের মেয়ে এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সাংবাদিকের মেয়েকে ওই আন্দোলনের অগ্রভাগে দেখা যায়। ওই ঘটনার পরপরই ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের নামে পোস্টার সাঁটানো হয়, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক সহসম্পাদক জানান, ওই ধর্ষণচেষ্টার ঘটনার পর থেকেই তাদের সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল দলীয় কর্মীদের কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসহযোগিতা ও বেকায়দায় ফেলা। এর অংশ হিসেবে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঝটিকা মানববন্ধন এবং ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মাহবুব আলম শান্তর নামে পোস্টারিং করার নির্দেশও ওপর মহল থেকে এসেছিল।

সার্বিক পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক আহসান লাবিব বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে অপতৎপরতা চালাচ্ছে। জুলাই হামলায় অভিযুক্ত কিছু সদস্যকে দায়মুক্তি দেওয়াটা একেবারেই অগ্রহণযোগ্য। প্রশাসন যদি এসব দেশবিরোধী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা না নেয়, তবে সাধারণ শিক্ষার্থীরাই ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।

প্রশাসনের অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, তারা এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছেন। কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে রাষ্ট্রীয় আইন ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ক্যাম্পাসে দেওয়াল লিখন বা পোস্টারিং করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা নজরে এসেছে। শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটালে অপরাধীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। জুলাই হামলার বিচারের বিষয়ে তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই নিরপেক্ষ বিচার হয়েছে; এখানে কাউকে ছাড় দেওয়া বা কারও ওপর জুলুম করা হয়নি। তবে যৌক্তিক কোনো প্রশ্ন উঠলে সিন্ডিকেট তা পুনর্বিবেচনা করতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

জাবিতে ফের অস্থিরতার শঙ্কা, নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ

R
Roksana | 19 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার