Logo
ট্রেন্ডিং: হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ আর কখনও কারও কাছে মাথা নত করবে না: সংসদে খলিলুর নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী বন্যা: নিহত ৩৩০, নিখোঁজ সহস্রাধিক

পূর্ণাঙ্গ সিলেবাস ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু

Roksana
29 August 2026, 01:52 AM পড়তে ১ মিনিট
পূর্ণাঙ্গ সিলেবাস ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু

দীর্ঘ পাঁচ বছর পর করোনাভাইরাস মহামারির ধকল কাটিয়ে আবারও পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে (সিলেবাস) ফিরছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। একই সঙ্গে এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন বা একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কোনো একটি বড় অঞ্চলে পরীক্ষা গ্রহণ ব্যাহত হলে, শুধু সেই অঞ্চলেই নয়, প্রয়োজনে সারা দেশেই পরীক্ষা স্থগিত করা হতে পারে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিন্ন প্রশ্নপত্র হওয়ায় দেশের কোথাও বন্যা, ঘূর্ণিঝড় বা বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে পরীক্ষা গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা একসঙ্গে স্থগিত রাখতে হতে পারে, যা নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ করা নিয়ে কিছুটা সংশয় তৈরি করেছে।

এ বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, অভিন্ন প্রশ্নপত্রের কারণে দেশের কোনো বড় বিভাগে বড় ধরনের বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ (ডিজাস্টার) দেখা দিলে পরীক্ষা স্থগিত (পোস্টপন্ড) করে অন্য কোনো দিনে সারা দেশে নতুন করে পরীক্ষা নেওয়া হতে পারে। একেই তুলনামূলক ভালো বিকল্প মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় বা নমনীয়তার বিষয়ে বোর্ড চেয়ারম্যান জানান, কোনো পরীক্ষার্থী যদি কোনো অনিবার্য কারণ বা দুর্ঘটনার কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে না পারে, তবে স্থানীয় প্রশাসন বিষয়টি বিবেচনা করতে পারবে। যৌক্তিক মনে হলে পরীক্ষার্থীকে কিছুটা বাড়তি সময় ও সুযোগ (স্পেস) দিয়ে পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্রগুলোকে নমনীয় অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে এবার প্রতিটি কেন্দ্রে বন্ধ সার্কিট ক্যামেরা (ক্লোজড সার্কিট টেলিভিশন বা সিসিটিভি) ব্যবহার করা হবে।

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন সাধারণ বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে, তবে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডভিত্তিক তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

পূর্ণাঙ্গ সিলেবাস ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু

R
Roksana | 30 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার