টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীর কাঁচাবাজারে অধিকাংশ সবজির দাম আবার বৃদ্ধি পেয়েছে। সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু পণ্যের দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সাধারণ ক্রেতাদের বাজার খরচে চরম প্রভাব পড়েছে।
রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজিই এখন শত টাকার কাছাকাছি বা তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাঁচা মরিচের বাজারে। গত সপ্তাহের ১২০ টাকার কাঁচা মরিচ এখন দ্বিগুণ হয়ে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারের সার্বিক চিত্রে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এছাড়া করলা ১০০ থেকে ১২০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, পটল ও চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। সপ্তাহখানেক আগে ৬০ টাকায় পাওয়া লাউয়ের দাম বেড়ে এখন ৮০ থেকে ৯০ টাকা দাঁড়িয়েছে। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায় এবং গাজর বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
তবে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, যার কেজি প্রতি দাম ৪০ টাকা। এ ছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩০ থেকে ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
বাজার করতে আসা সাধারণ ক্রেতারা জানান, প্রয়োজনীয় প্রায় সব সবজির দামই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। হঠাৎ করে সব পণ্যের দাম এভাবে বৃদ্ধি পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের খেত পানিতে তলিয়ে যাওয়ায় কৃষক পর্যায়ে উৎপাদন ও ফসল সংগ্রহ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে পরিবহন জটিলতার কারণে রাজধানীতে পণ্য আসার পরিমাণ কমে যাওয়ায় পাইকারি ও খুচরা বাজারে এই প্রভাব পড়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে দাম আবার কমে আসতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।